বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বুধবার, ২২ জুলাই, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়সংলগ্ন খালপাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে মঙ্গলবার দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা হতে পারে বলে ধারণা করা হলেও, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
বরিশাল বন্দর থানা পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়সংলগ্ন খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের নিচতলার একটি কক্ষে একাই থাকতেন উচ্ছ্বাস কর্মকার। কয়েকদিন ধরে তাঁর কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। মঙ্গলবার রাতে কক্ষ থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে একই ভবনের অন্য বাসিন্দারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় উচ্ছ্বাসের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বরিশাল বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, অন্তত দুই দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এটি আত্মহত্যা কি না, সেটিও তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।
পুলিশ জানিয়েছে, উচ্ছ্বাস কর্মকার খুলনা জেলার বাসিন্দা ছিলেন। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভোলা রোডের শশী ভিলা নামের একটি বাসায় একাই থাকতেন। মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
১২৮ বার পড়া হয়েছে