জামালপুরে ব্যবসায়ীর ওপর হামলা- ছিনতাই, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জিডি
বুধবার, ২২ জুলাই, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুর শহরের গেটপার এলাকার ফল ব্যবসায়ী আব্দুল খালেকের ওপর হামলার ঘটনা ঘটেছে। বকেয়া টাকা চাওয়ায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে এই মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ফল ব্যবসায়ী মোঃ আব্দুল খালেক কিছুদিন আগে ডাক পাড়ার ফলের আড়ত মালিক ও জামালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান শামীমকে ব্যবসায়িক প্রয়োজনে সাড়ে ৪ হাজার টাকা ধার দেন। গত ২১ জুলাই সকালে ওই পাওনা টাকা ফেরত চাওয়ায় ক্ষুব্ধ হন শামীম ও তার ছোট ভাই মোঃ কানন।
টাকা চাওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে শামীম ও কানন নিরীহ ব্যবসায়ী খালেকের ওপর অতর্কিত হামলা চালান। তাদের বেধড়ক মারধরে খালেকের মাথা ও কানে গুরুতর জখম হয়। অভিযোগ রয়েছে, মারধরের সময় খালেকের প্যান্টের পকেটে থাকা ফল কেনার নগদ ৯৫ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেন অভিযুক্তরা।
আহত ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরবর্তীতে খালেকের স্ত্রী মাহফুজা বেগম তাকে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসা শেষে তিনি থানায় এই সাধারণ ডায়েরিটি দায়ের করেন।
ভুক্তভোগী ব্যবসায়ী খালেক ও তার পরিবার এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। হামলাকারী আওয়ামী লীগ নেতা শামীম ও তার ভাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
১২৯ বার পড়া হয়েছে