কুমিল্লায় টমসমব্রিজ এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
সোমবার, ২০ জুলাই, ২০২৬ ৯:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর যানজট নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে টমসমব্রিজ এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
কুমিল্লা নগরের গুরুত্বপূর্ণ টমসমব্রিজ এলাকায় রোববার বিকেলে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে কুমিল্লা সিটি করপোরেশন। অভিযানের সময় টমসমব্রিজ থেকে কোটবাড়ি বিশ্বরোড সড়কের ওপর গড়ে ওঠা কাঁচাবাজারসহ বিভিন্ন অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়।
সিটি করপোরেশন জানিয়েছে, দীর্ঘদিন ধরে প্রধান সড়ক ও ফুটপাত দখল করে দোকানপাট ও বিভিন্ন স্থাপনা গড়ে ওঠায় টমসমব্রিজ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল। এতে নগরবাসীসহ বিভিন্ন কাজে শহরে আসা মানুষের চলাচলে দুর্ভোগ তৈরি হয় এবং গুরুত্বপূর্ণ সময় নষ্ট হচ্ছিল।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়।
সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের আগে নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়। নোটিশের পরও যারা তা সরিয়ে নেন না, তাদের স্থাপনা আইন অনুযায়ী অপসারণ করা হয়।
তিনি বলেন, “সড়কের ওপর থাকা সব অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে অপসারণ করা হবে। নগরীতে যানজট কমানো, মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং জলাবদ্ধতা নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন, কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাসহ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৩৫ বার পড়া হয়েছে