ভাসমান পেয়ারা বাগান দেখতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু
সোমবার, ২০ জুলাই, ২০২৬ ২:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বরিশালের উজিরপুরের গুঠিয়া আইডিয়াল কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. মুহিন সরদার (১৭) বন্ধুদের সঙ্গে ভ্রমণে গিয়ে পিরোজপুরের নেছারাবাদের ভাসমান পেয়ারা বাগান এলাকায় ট্রলার থেকে পড়ে মারা গেছেন। শনিবার বিকেলে আদমকাঠি-কটুরাকাঠি খালে এ দুর্ঘটনা ঘটে।
বন্ধুদের সঙ্গে আনন্দভ্রমণে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বিখ্যাত ভাসমান পেয়ারা বাগান দেখতে গিয়েছিলেন বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া গ্রামের সৌদি প্রবাসী মনির সরদারের ছোট ছেলে মো. মুহিন সরদার।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাড়া করা একটি চলন্ত ট্রলারের সামনের অংশে বসেছিলেন মুহিন। ট্রলারটি আদমকাঠি থেকে কটুরাকাঠি খাল অতিক্রম করার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে তিনি গভীর পানিতে পড়ে যান।
ঘটনার পরপরই ট্রলারটি থামিয়ে মুহিনের বন্ধুরা ও স্থানীয় লোকজন পানিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, পেয়ারা বাগান ভ্রমণে এসে অসাবধানতাবশত ট্রলার থেকে পড়ে ওই তরুণের মৃত্যু হয়েছে।
ওসি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে মুহিনের মায়ের কান্না ও আহাজারিতে হাসপাতাল এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়। তার মৃত্যুর খবরে গুঠিয়া গ্রামসহ আশপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পারিবারিক সূত্র জানায়, মুহিনের বাবা মনির সরদার সৌদি আরব থেকে দেশে ফেরার পর সোমবার তার জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
১২১ বার পড়া হয়েছে