ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা: ডেঙ্গু প্রতিরোধ ও যানজট নিরসনে জোর
রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ১০:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের সামগ্রিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ডেঙ্গু প্রতিরোধ, যানজট নিরসন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়। এছাড়া পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়তে 'ক্লিন ময়মনসিংহ' ক্যাম্পেইন চালুর ঘোষণা দেওয়া হয়েছে।
রোববার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সভায় জেলার বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রতিনিধি জানান, সড়কের উন্নয়ন, ড্রেনেজ নেটওয়ার্ক তৈরি এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার কাজ চলছে। এছাড়া যানজট নিরসনে প্রধান সড়কগুলোতে স্বেচ্ছাসেবক নিয়োগ এবং ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধেও বিশেষ কার্যক্রম চলছে।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হাম-রুবেলার টিকাদান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা নিশ্চিত করার কথা জানানো হয়। সড়ক ও জনপথ বিভাগ জানায়, ময়মনসিংহ-টাঙ্গাইল সড়ক দ্রুত মেরামত এবং মুক্তাগাছা bypass সড়কের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগ জানায়, জেলার ১৩টি উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের মেরামত ও রক্ষণাবেক্ষণের প্রাক্কলন তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায়, ভালুকা, ফুলপুর, হালুয়াঘাট, গৌরীপুর, মুক্তাগাছা ও ত্রিশাল উপজেলায় পাইপলাইনের মাধ্যমে গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পের কাজ নতুন করে কার্যাদেশ দিয়ে শুরু করা হয়েছে। দুর্যোগের সময় শিক্ষক-শিক্ষার্থীদের সুরক্ষায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছে জেলা শিক্ষা অফিস। এছাড়া কৃষকদের প্রণোদনা বিতরণ, সারের বাজার তদারকি এবং নবজাতকের শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার বিষয়ে সভায় গুরুত্ব দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান সরকারি কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। তিনি পরিচ্ছন্নতাকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে জেলায় 'ক্লিন ময়মনসিংহ' ক্যাম্পেইন চালুর ঘোষণা দেন এবং ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার সমন্বিত অভিযান চালানোর জন্য সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান।
১৫৭ বার পড়া হয়েছে