চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের আহ্বান মির্জা ফখরুলের
শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ১০:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশের জাতীয় স্বার্থে চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তি ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং অর্থনৈতিক উন্নয়নে চীনের সক্রিয় অংশীদারত্ব দেশের জন্য গুরুত্বপূর্ণ।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন (বিসিএফএ) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক দীর্ঘদিনের এবং এটি পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্মানের ভিত্তিতে গড়ে উঠেছে। তাঁর মতে, দুই দেশের এই সম্পর্ক সহজে বিচ্ছিন্ন হওয়ার নয়। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে দেশটির সহযোগিতাও বিস্তৃত হচ্ছে।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ চায় চীনের সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক ও প্রযুক্তিগত সহযোগিতা আরও বাড়ুক। বিশেষ করে বিনিয়োগ, শিল্পায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে চীনের অংশগ্রহণ দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ন্যায়ভিত্তিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠা, অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালনে চীনের সক্ষমতা রয়েছে। এ ধরনের বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশও সহযোগিতামূলক অবস্থান বজায় রাখতে আগ্রহী।
বিএনপির সঙ্গে চাইনিজ কমিউনিস্ট পার্টির (সিপিসি) দীর্ঘদিনের সম্পর্কের কথাও উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি যাই থাকুক না কেন, দুই দলের যোগাযোগ অব্যাহত ছিল। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, চীন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রেখে মূলত অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাকে গুরুত্ব দেয়।
তিনি বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থে চীনের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হওয়া প্রয়োজন। একই সঙ্গে প্রতিবেশী ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
দেশের বিপুলসংখ্যক তরুণের কর্মসংস্থান নিশ্চিত করতে চীনের প্রযুক্তি, বিনিয়োগ ও অর্থনৈতিক সহায়তা প্রয়োজন বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, এ লক্ষ্য সামনে রেখেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর অনুষ্ঠিত হয়েছে এবং এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে বলে তিনি আশা করেন।
তিনি আরও বলেন, যেসব খাতে চীনের উন্নত প্রযুক্তি প্রয়োজন, সেসব ক্ষেত্রে দ্রুত সহযোগিতা বাস্তবায়নের প্রত্যাশা রয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া তথ্য ও সম্প্রচারমন্ত্রী জাহির উদ্দিন স্বপন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত এবং সংসদ সদস্য শিমুল বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট নোজমুল হক নান্নুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কূটনীতিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং জনগণের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
১১৬ বার পড়া হয়েছে