বাগমারায় যুবদল নেতাকে মারধর ও প্রতিষ্ঠানে ভাঙচুর
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ৮:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি বাজারে যুবদলের এক নেতাকে মারধর ও তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদলের তিন নেতার বিরুদ্ধে। আহত ওই নেতা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তদের একজন।
রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি বাজারে হামলা ও ভাঙচুরের ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে গোয়ালকান্দি বাজারে যুবদলের নেতা আসাদুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে তাঁকে মারধর করেন ছাত্রদলের কয়েকজন নেতা।
আহত আসাদুল ইসলাম (৩৮) গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও বাগমারা উপজেলা যুবদলের সদস্য। তিনি কেবল টিভি ও ইন্টারনেট ব্যবসার সঙ্গে যুক্ত।
স্বজন ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ঘটনার পর গুরুতর আহত অবস্থায় আসাদুল ইসলামকে প্রথমে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগে বলা হয়েছে, নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি পারভেজ রানা, হামিরকুৎসা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন এবং গোয়ালকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহীন আলমসহ কয়েকজন ওই রাতে আসাদুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠানে যান। সেখানে কেবল ব্যবসা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁরা লাঠি ও রড দিয়ে আসাদুলকে মারধর করেন এবং দোকানে ভাঙচুর চালান।
ঘটনার সময় উপস্থিত এক ব্যক্তি মুঠোফোনে ফেসবুক লাইভ করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে তাঁরা আহত আসাদুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
শুক্রবার সকালে নিজের ফেসবুক পোস্টে আসাদুল ইসলাম দাবি করেন, পারভেজ রানার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্টতার প্রতিবাদ করায় ক্ষোভের জেরে তাঁর ওপর হামলা চালানো হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন পারভেজ রানা। তাঁর দাবি, একটি বিষয় নিয়ে সমাধানের জন্য আসাদুল ইসলাম তাঁদের সেখানে ডাকেন। আলোচনার সময় সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটলেও মারধর ও ভাঙচুরের অভিযোগ সত্য নয়। পরে ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে ফেসবুকে প্রচার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ বা মামলা হলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১০৭ বার পড়া হয়েছে