ঈশ্বরদীতে একতা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, তদন্তে ৫ সদস্যের কমিটি
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ১:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনের কাছে পঞ্চগড়গামী আন্তঃনগর ‘একতা এক্সপ্রেস’ ট্রেনের পাওয়ারকারসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য পাকশী বিভাগীয় রেলওয়ের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পাকশী রেলওয়ে বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশন অতিক্রম করার সময় এই দুর্ঘটনার মুখে পড়ে। দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর লাইনচ্যুত বগি দুটি রেখে ট্রেনটি অবশিষ্ট যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।
এই ঘটনার কারণে ঢাকা অভিমুখী ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনটি সাময়িকভাবে আটকা পড়লেও বিকল্প লাইনে অন্যান্য ট্রেনের চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু হেনা মোস্তফা আলম জানান, উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে এবং দ্রুততম সময়ের মধ্যে লাইনটি সচল করা হবে।
এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা মোশাররফ হোসেন ভূঁইয়াকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।
১২৩ বার পড়া হয়েছে