জামালপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে ৩৫ বিজিবি, বিতরণ করল ত্রাণ
সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ১০:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের দেওয়ানগঞ্জে জিনজিরাম নদীর ভয়াবহ ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৫ বিজিবি)। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সর্বস্ব হারানো এসব পরিবারের মাঝে সম্প্রতি শুকনো খাবার ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বিজিবির এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।
স্থানীয় সীমান্ত এলাকা সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই পাথরেরচর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় জিনজিরাম নদীর প্রবল স্রোতে আকস্মিক ও ভয়াবহ ভাঙন দেখা দেয়। পাহাড়ি ঢলের তীব্রতায় সীমান্ত পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে থাকা অন্তত ১৫টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে মুহূর্তের মধ্যেই বেশ কিছু পরিবার খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয় এবং অত্যন্ত মানবেতর জীবনযাপন শুরু করে।
ক্ষতিগ্রস্তদের এমন দুর্দশার খবর পেয়ে দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেয় জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)। সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মোট ৩০টি পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান, পিএসসি।
ত্রাণ বিতরণকালে লে. কর্নেল হাসানুর রহমান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো বর্ডার গার্ড বাংলাদেশের একটি অন্যতম মানবিক দায়িত্ব। সীমান্তবাসীর যেকোনো সংকটময় পরিস্থিতিতে বিজিবির এমন মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিপদের এই মুহূর্তে আকস্মিক সাহায্য পেয়ে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিজিবির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
১২৪ বার পড়া হয়েছে