কুষ্টিয়া আইনজীবী সমিতিতে চালু হলো বিডিলেক্স আইন গবেষণা ডেটাবেজ
রবিবার, ১২ জুলাই, ২০২৬ ১১:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতিতে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিডিলেক্স আইন গবেষণা ডেটাবেজ। আধুনিক আইন গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর আইনি সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতিতে প্রথমবারের মতো বিডিলেক্স আইন গবেষণা ডেটাবেজের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির মুক্তমঞ্চে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিল লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান, এডহক কমিটির সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
তিনি বলেন, আইনজীবীদের পেশাগত দক্ষতা বাড়ানো, আধুনিক পদ্ধতিতে আইন গবেষণা এবং প্রযুক্তিনির্ভর আইনি সেবা প্রদানে বিডিলেক্স আইন গবেষণা ডেটাবেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রেও এই উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে।
আলোচনা সভা শেষে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট নার্গিস চৌধুরী রিসার্চ সেন্টারে বিডিলেক্স আইন গবেষণা ডেটাবেজের উদ্বোধন করেন কুষ্টিয়ার সিনিয়র জেলা ও দায়রা জজ এনায়েত কবির সরকার।
অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ মুহাম্মদ আবু সাঈদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদসহ সমিতির নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ ও নবীন আইনজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর মা এবং কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির প্রথম নারী আইনজীবী অ্যাডভোকেট নার্গিস চৌধুরীর নামে রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আইনজীবীরা। তাঁরা মনে করছেন, এই গবেষণা কেন্দ্র ভবিষ্যতে আইন শিক্ষার্থী ও আইনজীবীদের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে।
১১৬ বার পড়া হয়েছে