মিথ্যা মামলা করায় বাদীর ১৫ দিনের কারাদণ্ড, দুই আসামি খালাস
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৪:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের আলফাডাঙ্গায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত। একই সঙ্গে মিথ্যা মামলা দায়েরের দায়ে মামলার বাদী শাহীনা বেগমকে ১৫ দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ফরিদপুরের আলফাডাঙ্গায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা একটি মামলায় সাগর মোল্লা ও ইকরামুল মোল্লা নামের দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত। একই মামলায় মিথ্যা অভিযোগে মামলা দায়েরের দায়ে বাদী শাহীনা বেগমকে ১৫ দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও সাত দিন কারাগারে থাকতে হবে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ মার্চ আলফাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলাটি করেন শাহীনা বেগম। মামলায় আলফাডাঙ্গা উপজেলার যোগীবরাটি গ্রামের সাগর মোল্লা (২২) ও ইকরামুল মোল্লাকে (২০) আসামি করা হয়। তাঁদের বিরুদ্ধে উত্ত্যক্ত ও যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছিল।
এজাহারে শাহীনা বেগম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আসামিরা তাঁকে উত্ত্যক্ত করতেন। তাঁদের প্রস্তাবে রাজি না হওয়ায় হয়রানি আরও বেড়ে যায়। ঘটনার দিন রাতে বাড়ি ফেরার পথে তাঁকে যৌন হয়রানি করা হয় বলেও অভিযোগ করেন তিনি। পরে স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে আইনের আশ্রয় নেন বলে এজাহারে উল্লেখ করেন বাদী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত দুই আসামিকে খালাস দিয়েছেন। পাশাপাশি মিথ্যা মামলা দায়েরের দায়ে বাদীকে ১৫ দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাঁকে অতিরিক্ত সাত দিন কারাভোগ করতে হবে।
১২০ বার পড়া হয়েছে