গোপালগঞ্জের কোটালীপাড়ায় আড়াইশ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ শুরু
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৩:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
লক্ষ্মীপূজা উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শুরু হয়েছে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ আড়াইশ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। বাঘিয়ার বিলে আয়োজিত এই বর্ণিল উৎসবে অংশ নিয়েছে আশপাশের কয়েকটি জেলার অর্ধশতাধিক চমৎকার নৌকা।
কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কালিগঞ্জ বাজার সংলগ্ন বাঘিয়ার বিলের প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোমবার বিকেলে শুরু হওয়া এই বাইচে মাদারীপুর, পিরোজপুর, নড়াইল ও বরিশাল জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সরেঙ্গা, সিপ, বাছারী ও কোষা নৌকা অংশ নেয়।
বাদ্যের তালে তালে জারি ও সারি গান গেয়ে নেচে-গেয়ে বাইচে অংশ নেন স্বতঃস্ফূর্ত মাল্লারা। কোনো প্রকার সরকারি-বেসরকারি পুরস্কার কিংবা আয়োজন কমিটি ছাড়াই দীর্ঘ আড়াইশ বছর ধরে নিজস্ব উদ্যোগে মাঝি-মাল্লারা এই প্রতিযোগিতায় অংশ নিয়ে ঐতিহ্য ধরে রেখেছেন।
উৎসব উপলক্ষ্যে খালের দু’পাড়ে সমবেত হন হাজার হাজার উৎসুক দর্শনার্থী। নৌকা বাইচের পাশাপাশি বিলের পাড়ে জমে উঠেছে আকর্ষণীয় বৈশাখী ধাঁচের নৌকা মেলা। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ আবহমান গ্রাম বাংলার এই অতি প্রাচীন কৃষ্টি ও সংস্কৃতি আগামী প্রজন্মের জন্য টিকিয়ে রাখার ওপর জোর দেন। আগামী বুধবার সন্ধ্যায় তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসব সমাপ্ত হবে।
১০৯ বার পড়া হয়েছে