দৌলতপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর ও গবাদিপশু
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে রান্নাঘরের চুলা থেকে ছড়ানো ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর, মূল্যবান আসবাবপত্র এবং গবাদিপশু পুড়ে ছাই হয়ে গেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে। হঠাৎ ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডে এলাকায় গভীর শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামের চাতরার পুল এলাকায় সবজি ব্যবসায়ী রতনের বাড়ির রান্নাঘরের চুলা থেকে খড়িতে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং বসতঘরসহ পার্শ্ববর্তী গোয়ালঘরে তা পৌঁছে যায়।
আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে গোয়ালঘরে থাকা দুটি বলদ গরু এবং দুটি ছাগল আগুনে দগ্ধ হয়ে মারা যায়। এছাড়া ঘরের ভেতরে সংরক্ষিত ধান, গমসহ দৈনন্দিন ব্যবহারের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ধোঁয়ার কুণ্ডলী দেখে আশপাশের বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে স্থানীয় উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নেভানোর আগেই পরিবারটির সর্বস্ব ধ্বংস হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় অগ্নিদগ্ধ মৃত গবাদিপশুগুলো উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়।
১১১ বার পড়া হয়েছে