টোকিওতে ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৪:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাপানের টোকিওতে নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৬ অক্টোবর) মেইজি কিনেনকানের হানাগাসুমি রেস্তোরাঁয় এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশে মানবিক সহায়তা, শিক্ষা, জনস্বাস্থ্য এবং সংক্রামক রোগ প্রতিরোধে টিকা উৎপাদনের কারখানা স্থাপনে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে আয়োজিত এক নৈশভোজে অংশ নেন। সোমবার (২৬ অক্টোবর) জাপানের রাজধানী টোকিওর মেইজি কিনেনকানের হানাগাসুমি রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়।
নৈশভোজে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন।
এ ছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ কামরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা নৈশভোজে অংশ নেন।
নিপ্পন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাকাশি আরিকাওয়া এবং সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে ঢাকায় ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করেন। বাংলাদেশে মানবিক সহায়তা, শিক্ষা ও জনস্বাস্থ্য খাতে সাসাকাওয়ার দীর্ঘদিনের অবদানের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় বাংলাদেশে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে টিকা উৎপাদনের কারখানা স্থাপনের বিষয়ে সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা হয়। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে দুই পক্ষের সহযোগিতার সম্ভাবনা আলোচনায় গুরুত্ব পায়।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া।
১১২ বার পড়া হয়েছে