কুষ্টিয়ার দৌলতপুরে চাচাতো ভাইদের সংঘর্ষে যুবক নিহত, আটক ২
শনিবার, ১১ জুলাই, ২০২৬ ১০:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে পারিবারিক বিরোধ ও টর্চলাইট ফেলে যাওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের সংঘর্ষে মামুন মোল্লা (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর মরিচা ইউনিয়নের সুকারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের দুই চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মরিচা ইউনিয়নের সুকারঘাট এলাকার মুজাম্মেল মোল্লার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল তার ভাই ইসমাইল মোল্লার পরিবারের। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ইসমাইল মোল্লার বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে গিয়ে মামুন মোল্লা পক্ষের লোকজনের একটি টর্চলাইট ফেলে পালিয়ে আসার অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার জুমার নামাজের পর দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা এবং পরবর্তীতে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মামুন মোল্লাসহ কয়েকজন। স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার গভীর রাতে মারা যান মামুন মোল্লা।
এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে নিহতের আপন দুই চাচাতো ভাই উজ্জ্বল মোল্লা ও জাব্বার মোল্লাকে আটক করেছে। মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিনের পারিবারিক শত্রুতার জেরে এই সংঘর্ষ ও নিহতের ঘটনাটি ঘটেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানিয়েছেন, ঘটনার পরপরই অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
১১৮ বার পড়া হয়েছে