'বিএনপি সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন ও মোমবাতি তুলে দিয়েছে': হাসনাত আব্দুল্লাহ
শনিবার, ১১ জুলাই, ২০২৬ ২:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নোয়াখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক কর্মসূচিতে বিএনপি সরকারের তীব্র সমালোচনা করেছেন দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করেন, বর্তমান বিএনপি সরকার দেশের মানুষকে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শেষ পর্যন্ত তাদের হাতে হারিকেন ও মোমবাতি তুলে দিয়েছে।
নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এনসিপি আয়োজিত 'জুলাই পদযাত্রা' কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন। গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান বৃদ্ধির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ দেশের নির্বাচনী ব্যবস্থার তীব্র সমালোচনা করে বলেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো ২০২৪ সালেও ভোট চুরি হয়েছে। তবে এবারের মেকানিজম ছিল ভিন্ন, যা ফল প্রকাশের পর দিনের আলোতে সম্পন্ন হয়েছে। তিনি দাবি করেন, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে থাকলেও জনগণের রায়কে লুণ্ঠন করা হয়েছে।
তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির এই নেতা বলেন, এক কোটি কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হলেও গত ছয় মাসে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা কর্মসংস্থান সৃষ্টি করা যায়নি। যুবসমাজকে বাদ দিয়ে কোনো ধরনের রাষ্ট্রীয় সংস্কার বা দেশ পরিচালনা সম্ভব নয় বলে তিনি সতর্ক করেন।
দেশের চলমান লোডশেডিং পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সংসদে লোডশেডিং নেই বলে দাবি করা হলেও প্রত্যন্ত অঞ্চলের মানুষ দিনে ১৬ ঘণ্টাই বিদ্যুৎ পাচ্ছে না। কর্মসূচিতে এনসিপির নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১২৮ বার পড়া হয়েছে