সাজেকে আটকে পড়া ৪০০ পর্যটক সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ৬:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে টানা বর্ষণে সৃষ্ট বন্যায় আটকে পড়া প্রায় ৪০০ পর্যটককে সেনাবাহিনীর বিশেষ সহায়তায় নিরাপদ স্থানে ফিরিয়ে আনা হয়েছে। গত মঙ্গলবার থেকে সাজেকে অবরুদ্ধ থাকার পর শুক্রবার সকালে শেষ দফায় বাকি সকল পর্যটক নিরাপদে বাঘাইহাট এলাকা অতিক্রম করেন। পর্যটকদের সার্বিক জানমালের নিরাপত্তা বিবেচনায় এই পাহাড়ি পর্যটন কেন্দ্রে বর্তমানে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন।
টানা কয়েকদিনের ভারী বর্ষণের ফলে বাঘাইহাট-সাজেক সড়কের একটি বড় অংশ তলিয়ে যাওয়ায় চার শতাধিক পর্যটক পাহাড়ি এই পর্যটন কেন্দ্রে আটকা পড়েন। এরপর সাজেক রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনার উদ্ধার অভিযান শুরু হয়।
খবর পেয়ে দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ সেনাবাহিনী। গত বৃহস্পতিবার প্রথম দফায় প্রায় দেড়শো পর্যটককে নিরাপদে ফিরিয়ে আনে সেনাসদস্যরা। পরবর্তীতে শুক্রবার সকাল নয়টায় সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় বাকি সকল পর্যটক নিরাপদে বাঘাইহাট অতিক্রম করে নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।
সাজেক রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণ দেব বর্মন গণমাধ্যমকে জানান, আটকে থাকা শেষ পর্যটক দলটিও শুক্রবার সকালে সেনাবাহিনীর প্রথম স্কটেই নিরাপদে বের হয়ে গেছে। এখন সাজেক ভ্যালিতে আর কোনো পর্যটক অবরুদ্ধ নেই।
এর আগে উদ্ভূত পরিস্থিতি এবং পাহাড়ধসের আশঙ্কা বিবেচনা করে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে পর্যটক প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে রাঙ্গামাটি জেলা প্রশাসন। পর্যটকদের জীবন ও জানমালের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জেলা প্রশাসনের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১২৩ বার পড়া হয়েছে