কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতির নির্বাচন : সভাপতি পদে পনির ও নাজমুলের লড়াই
বুধবার, ৮ জুলাই, ২০২৬ ৯:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া পৌর ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে স্থানীয় নির্বাচনী মাঠ। আগামী ১০ জুলাই অনুষ্ঠিতব্য এই নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিকুল হক পনির ও নাজমুল ইসলাম। ২ হাজার ৩৭৮ জন ভোটারের এই নির্বাচন ঘিরে ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসব-উদ্দীপনা তৈরি হয়েছে।
পটুয়াখালীর ঐতিহ্যবাহী কলাপাড়া পৌর ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন ঘিরে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী ১০ জুলাই খেপুপাড়া মহিলা কলেজ কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। নির্বাচনকে কেন্দ্র করে কলাপাড়া বাণিজ্যিক এলাকার প্রতিটি গলি ও বাজার ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে। প্রার্থীরা বৈরি আবহাওয়া উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৩৭৮ জন। মোট ১২টি পদের মধ্যে ২টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হওয়ায় বাকি ১০টি পদে ১৮ জন প্রার্থী লড়াই করছেন। ইতোমধ্যে দপ্তর সম্পাদক পদে মো. খালেক খাঁন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফরিদ উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
সবচেয়ে বেশি আকর্ষণ তৈরি হয়েছে সভাপতি পদ ঘিরে। এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 'চেয়ার' প্রতীকের শফিকুল হক পনির এবং 'আনারস' প্রতীকের নাজমুল ইসলাম। এছাড়া সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও জোরদার প্রচার চালাচ্ছেন।
এদিকে নির্বাচন ঘিরে ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেছেন, ভোটার তালিকায় কিছু অসঙ্গতি রয়েছে এবং কোনো প্রার্থীর পক্ষ থেকেই নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়নি। ইশতেহার না থাকলে পরবর্তী সময়ে জবাবদিহিতা থাকে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাধারণ ব্যবসায়ীরা। তবে ভোটাররা সৎ, যোগ্য এবং ব্যবসায়ী বান্ধব নেতৃত্বকে বেছে নিতে চান।
নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কলাপাড়া উপজেলা সমবায় কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আব্বাস জানান, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রেখে একটি গ্রহণযোগ্য ভোটের পরিবেশ তৈরি করা হবে।
১২৫ বার পড়া হয়েছে