মাগুরায় জুয়ার আসরে অভিযান, ডিবির হাতে গ্রেপ্তার ৯
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ ৫:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
মাগুরা শহরের জজ কোর্ট পাড়া এলাকায় জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে নগদ টাকা, তাস ও জুয়ার হিসাবের খাতা উদ্ধার করা হয়েছে।
মাগুরায় জুয়া প্রতিরোধ আইনের আওতায় পরিচালিত বিশেষ অভিযানে জুয়া খেলার অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রোববার (৫ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে শহরের ৯ নম্বর ওয়ার্ডের জজ কোর্ট পাড়া এলাকায় অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি টিনের ছাপড়ার ঘরে চলা জুয়ার আসরে অভিযান চালায় ডিবির একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যদের তৎপরতায় ঘটনাস্থল থেকে নয়জনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নিখিল দাস (৪২), উজ্জল দাস (৫০), আনন্দ দাস (৭০), গনেশ দাস (৫৭), পানু দাস (৪০), মিলন দাস (৩০), নন্দ দাস (৫৫), অজিত মালো (৫০) এবং মো. বশির আহম্মেদ (৪২)। তাঁরা মাগুরা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে জুয়ার আসর থেকে ৫ হাজার ৬৪০ টাকা, ছয় জোড়া তাস, জুয়ার হিসাব সংরক্ষণের একটি খাতা এবং একটি পুরোনো প্লাস্টিকের পাটি উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওছার আলম জানান, মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদক, জুয়া ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, অবৈধ কর্মকাণ্ড বন্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
১০৫ বার পড়া হয়েছে