নাব্যতা ধরে রাখতে মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার ড্রেজিং প্রকল্প শুরু
সোমবার, ৬ জুলাই, ২০২৬ ৮:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে পশুর নদীতে শুরু হচ্ছে বিশাল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প। ১ হাজার ৫৩৮ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ের এই বৃহৎ প্রকল্পটি বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে আগামী ২০২৯ সাল পর্যন্ত পরিচালিত হবে। ইনার বার ড্রেজিংয়ের সফল সমাপ্তির পর বন্দরের গতিশীলতা বজায় রাখতেই এই সময়োপযোগী উদ্যোগ নেওয়া হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দীর্ঘ সাড়ে ছয় বছর ধরে চলা বন্দরের বৃহত্তম মেগা প্রকল্প 'ইনার বার ড্রেজিং' সম্প্রতি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। এই ড্রেজিংয়ের ফলে চ্যানেলের গভীরতা বৃদ্ধি পেলেও পলি জমে তা যেন পুনরায় ভরাট না হয়, সে লক্ষ্যেই এই নতুন সংরক্ষণ ড্রেজিংয়ের কাজ হাতে নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচ বছর মেয়াদি এই মেগা প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে মোংলা বন্দরে সাড়ে ৯ থেকে ১০ মিটার গভীরতার (ড্রাফট) বড় বড় দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজ সরাসরি জেটিতে ভিড়তে সক্ষম হবে। এতে করে মোংলা বন্দরের পণ্য খালাসের ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে, যা দেশের সামগ্রিক আমদানি-রপ্তানি বাণিজ্যে নতুন গতি সঞ্চার করবে।
বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এই প্রকল্পটি ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। এই দীর্ঘমেয়াদি ড্রেজিংয়ের ফলে পশুর চ্যানেলের পলি অপসারণ করে সার্বক্ষণিক নাব্যতা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বন্দর সংশ্লিষ্টরা।
১৯২ বার পড়া হয়েছে