নাইক্ষ্যংছড়িতে অপহৃত ৬ শ্রমিকের বিনিময়ে মুক্তিপণ দাবি ১ লাখ ৮০ হাজার টাকা
রবিবার, ৫ জুলাই, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার একটি রাবার বাগান থেকে অপহৃত ছয় রোহিঙ্গা শ্রমিকের মুক্তির জন্য ১ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। এ ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালালেও এখনো শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়নি।
গত শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং মৌজার বড়ইঝিরি এলাকার একটি রাবার বাগান থেকে ছয় রোহিঙ্গা শ্রমিককে অপহরণ করা হয়। ঘটনার পর থেকে তাদের খুঁজে পেতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে।
শনিবার রাত পর্যন্ত একাধিক অভিযান চালিয়েও অপহৃত শ্রমিকদের সন্ধান মেলেনি। রোববার ভোরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি বাগানের মালিক কাওছারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ হিসেবে ১ লাখ ৮০ হাজার টাকা দাবি করে।
বাগানের মালিক কাওছার জানান, সকালে ফোনে মুক্তিপণের দাবি জানানো হয়। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এদিকে বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিলেত্য চাকমা জানিয়েছেন, অপহৃতদের আশপাশেই রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
১১৬ বার পড়া হয়েছে