নরসিংদীতে পুকুরে গোসলে নেমে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
রবিবার, ৫ জুলাই, ২০২৬ ২:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীর মনোহরদীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার খিদিরপুর ইউনিয়নে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুরা সবাই ঘনিষ্ঠ আত্মীয় হওয়ায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা হলো মনোহরদী উপজেলার চরআহাম্মদপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা (৮), একই গ্রামের তুহিন মিয়ার মেয়ে আয়েশা ওরফে আশামনি (১২) এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুফাচ্ছেরের মেয়ে সুমাইয়া (১৩)। নিহত শিশুরা সম্পর্কে স্থানীয় খোরশেদ মিয়ার নাতনি এবং তার ছোট ভাই তুহিন মিয়ার মেয়ে।
শনিবার বেলা সাড়ে তিনটার দিকে খিদিরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন আবুল কালাম আজাদের বাড়ির পুকুরে এই তিন শিশু গোসল করতে নামে। একপর্যায়ে তারা সাঁতার না জানায় গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক। এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
১৩১ বার পড়া হয়েছে