গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে খাদে পড়ল বাস, নারী-শিশুসহ আহত ২৫
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ১১:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের সোনাপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় নারী ও শিশুসহ বাসের অন্তত ২৫ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সেবা গ্রীন লাইন’ পরিবহনের একটি দ্রুতগতির বাস ওই এলাকায় পৌঁছায়। এসময় চালক অন্য একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করলে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি মহাসড়কের পাশের একটি গভীর খাদে পড়ে গিয়ে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে। তাদের তাৎক্ষণিকভাবে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নৃপেন চন্দ্র দাস জানিয়েছেন, দুর্ঘটনায় মারাত্মক আহত ২০ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গাড়িটি উদ্ধার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
১১৭ বার পড়া হয়েছে