দেওয়ানগঞ্জে ফসলি জমির মাটি কাটার অপরাধে দুইজনের কারাদণ্ড
শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ১০:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের দেওয়ানগঞ্জে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে দুই ব্যক্তিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়।
স্থানীয় সুত্র থেকে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে কৃষি জমির শ্রেণি পরিবর্তন করে মাটি বিক্রি করা হচ্ছিল। এই কর্মকাণ্ডের ফলে স্থানীয় গ্রামীণ রাস্তাঘাটের ব্যাপক ক্ষতিসাধন হচ্ছিল বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে আসছিলেন।
অভিযোগের সত্যতা পেয়ে দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন আজ সকালে ওই এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন অপরাধের সাথে জড়িত থাকার দায়ে মো. রাকিব ও মো. নাজমুল নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, জনস্বার্থ রক্ষা এবং সরকারি রাস্তা ও ফসলি জমি রক্ষার্থে উপজেলা প্রশাসনের এই ধরণের কঠোর ও শাস্তিমূলক অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
১৭৪ বার পড়া হয়েছে