পাবনায় বিসিকের সনদ বিতরণ ও জব ফেয়ার: ১৫ জনের তাৎক্ষণিক চাকরি
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ১০:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে ৩২০ জন তরুণ-তরুণীকে সনদ দেওয়ার পাশাপাশি তাৎক্ষণিকভাবে ১৫ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।
পাবনা জেলা বিসিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শামীম হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ছিলেন সততা ফ্লাওয়ার মিলের স্বত্বাধিকারী আবিদ হাসান দুলাল, নিডি ফুডের স্বত্বাধিকারী জহুরুল ইসলাম বাচ্চু, মা টুইস্টিং মিলের শাকিল হোসেন এবং এ আর স্পেশালাইজড অটো রাইস মিলের জিএম কায়সার আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম দেশের বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, প্রতি বছর দেশে প্রায় ১৫ লাখ তরুণ চাকরির বাজারে প্রবেশ করছে। বিপুল পরিমাণ এই যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে শিল্পখাতে নিয়োজিত করতে পারলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অভাবনীয় গতি পাবে। তরুণদের শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ১৬টি ভিন্ন ট্রেডের সফল প্রশিক্ষণার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেওয়া হয়। সনদ বিতরণের পাশাপাশি চাকরিপ্রার্থীদের জন্য একটি বিশেষ জব ফেয়ারের আয়োজন করা হয়, যেখানে ১০টি স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান অংশ নেয়।
মেলা জুড়ে তরুণদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দিনব্যাপী এই জব ফেয়ারে বিপুল পরিমাণ চাকুরির আবেদন জমা পড়ে। সেখান থেকে তাৎক্ষণিকভাবে আবেদনপত্র যাচাই-বাছাই ও সংক্ষিপ্ত সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে যোগ্য প্রার্থীদের সরাসরি চাকুরির নিয়োগপত্র প্রদান করা হয়।
১১৮ বার পড়া হয়েছে