‘ডিসি সারওয়ার চোখ খুলে দিয়েছেন’, জুলাইয়ে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আশা প্রবাসীকল্যাণ মন্ত্রীর
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ৩:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেটে মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার ঘোষণা দিয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ডিসি সারওয়ার আলমের উদ্যোগ সবার চোখ খুলে দিয়েছে। বুধবার সিলেট বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একই সঙ্গে আগামী জুলাই মাসের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বড় ধরণের সুখবর আসার ইঙ্গিত দেন। প্রবাসীদের বিমানবন্দর সেবা ও নিরাপত্তা উন্নত করতে সরকার বহুমুখী পদক্ষেপ নিচ্ছে বলেও জানান মন্ত্রী।
মাজারের দানবাক্সের টাকা প্রকাশ্যে গণনার উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, এ ধরনের কার্যক্রমে সরকারের পূর্ণ সহযোগিতা থাকবে এবং ভবিষ্যতে মাজার পরিচালনায় সর্বোচ্চ জবাবদিহি নিশ্চিত করা হবে। ডিসি সারওয়ারের বদলি প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, এটি একটি নিয়মিত প্রশাসনিক রুটিন ওয়ার্ক এবং এর সঙ্গে মাজারের ঘটনার কোনো সম্পর্ক নেই।
চারদিনের সফরে সিলেটে এসেই প্রবাসীকল্যাণ মন্ত্রী বিমানবন্দর পরিদর্শন করেন। এ সময় তিনি প্রবাসীদের জন্য সেবার মান বাড়াতে লাগেজ ব্যবস্থাপনা উন্নত করা, অসুস্থ ও প্রবীণদের বিশেষ সহায়তা এবং হয়রানি বন্ধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন। এছাড়া শিশুদের বিনোদনের জন্য বিমানবন্দরে একটি কিডস জোন স্থাপনের পরিকল্পনার কথাও জানান।
মালয়েশিয়া সফরকে অত্যন্ত সফল উল্লেখ করে মন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী মাসের মধ্যে সে দেশের শ্রমবাজার নিয়ে ইতিবাচক অগ্রগতি দৃশ্যমান হবে। দুই দেশের নীতিগত আলোচনার সূত্র ধরে জুলাইয়ে মালয়েশিয়ার মানবসম্পদ ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে।
এছাড়া কাতারে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারকে আর্থিক ও আইনি সহায়তা প্রদানের বিষয়টি সরকার অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে বলে জানান তিনি। বিমানবন্দরে পরিদর্শনের সময় সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এবং অন্যান্য সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১২০ বার পড়া হয়েছে