শরীয়তপুরে এতিম শিশুদের মৌসুমি ফল বিতরণ করলেন শেখ মোহাম্মদ ইয়াসিন
শনিবার, ২০ জুন, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
শরীয়তপুর সদর উপজেলার বাঘিয়া এলাকার বিশিষ্ট সমাজসেবক শেখ মোহাম্মদ ইয়াসিনের উদ্যোগে তিন শতাধিক এতিম শিশুর মাঝে আম, কাঁঠাল ও কলার মতো মৌসুমি ফল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে স্থানীয় সরকারি শিশু সদনসহ বিভিন্ন মাদরাসা ও একাডেমির শিক্ষার্থীদের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের এই মৌসুমি ফলের মৌসুমে এতিম শিশুরা যাতে পুষ্টিকর ফল থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফল হাতে পেয়ে শিশু শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।
শরীয়তপুর সরকারি শিশু সদনের কর্মচারী আব্দুল মান্নান এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, শেখ মোহাম্মদ ইয়াসিন দীর্ঘদিন ধরে এতিম শিশুদের জন্য কাজ করে যাচ্ছেন। সমাজের বিত্তবান ব্যক্তিরা যদি এভাবে এগিয়ে আসেন, তবে এই শিশুরা নিজেদের আর অসহায় ভাববে না এবং তারা সমাজের মূল স্রোতে নিজেদের আপন মনে করবে।
নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বিশিষ্ট ব্যবসায়ী শেখ মোহাম্মদ ইয়াসিন বলেন, এতিম শিশুরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। তাদের মুখে হাসি ফোটানো এবং পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি ভবিষ্যতেও তাঁর সামর্থ্য অনুযায়ী অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজের অন্য সামর্থ্যবানদেরও এই মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, শেখ মোহাম্মদ ইয়াসিনের এই সমাজসেবামূলক কর্মকাণ্ড এলাকায় বেশ প্রশংসিত। তাঁর এই ধরণের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধকে আরও জাগ্রত করবে এবং অন্যদেরও ভালো কাজে উদ্বুদ্ধ করবে বলে তারা মনে করছেন।
১৬৯ বার পড়া হয়েছে