বরিশালের বাবুগঞ্জে লোহালিয়া–সিংহেরকাঠী সংযোগ ব্রিজ বেহাল, ঝুঁকি নিয়ে চলাচল স্থানীয়দের
শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া ও সিংহেরকাঠী গ্রামের গুরুত্বপূর্ণ সংযোগ ব্রিজটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।
বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া ও সিংহেরকাঠী গ্রামের মানুষের চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ সংযোগ হলো এই ব্রিজটি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রতিদিন সহস্রাধিক মানুষ—এর মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও শ্রমজীবী মানুষ—এই ব্রিজ ব্যবহার করেন।
ব্রিজটি দিয়ে মীরগঞ্জ, উপজেলা সদর এবং বরিশাল জেলা শহরে যাতায়াত করা হয়। বিকল্প কোনো নিরাপদ পথ না থাকায় বাধ্য হয়েই ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।
ভুক্তভোগী হারুন অর রশিদ জানান, ব্রিজটি ব্যবহারের সময় প্রতিনিয়ত দুর্ঘটনার শঙ্কায় থাকতে হয়। দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণ না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলেও তিনি সতর্ক করেন।
এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলিম বলেন, ব্রিজটির জন্য প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে এবং দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়রা দ্রুত ব্রিজটি সংস্কার বা পুনর্নির্মাণ করে নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
১১৫ বার পড়া হয়েছে