মোংলা ইপিজেডে সুতা তৈরির মেশিনে শ্রমিকের হাত বিচ্ছিন্ন, ঢাকায় প্রেরণ
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ৩:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মোংলা ইপিজেডের একটি চীনা সুতা প্রস্তুতকারক কারখানায় মেশিনে কাজ করার সময় এক শ্রমিকের ডান হাত কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত ওই শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনায় কারখানার কর্তৃপক্ষের অবহেলা ও সময়মতো চিকিৎসা না দেওয়ার অভিযোগ তুলেছেন সাধারণ শ্রমিকরা।
মোংলা ইপিজেড এলাকার ‘গুয়াংজু হুয়া ফাং সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিডি কোম্পানি লিমিটেড’ নামের একটি চীনা সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানে মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিকের নাম মো. গোলাম, তিনি মোংলা উপজেলার চাঁদপাই গ্রামের বাসিন্দা। সহকর্মীরা জানান, ঘটনার সময় কারখানায় পর্যাপ্ত শ্রমিক না থাকায় কাজের অতিরিক্ত চাপ ছিল, যার ফলে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি ঘটে।
সহকর্মী শ্রমিকদের অভিযোগ, দুর্ঘটনার পর প্রায় পৌনে এক ঘণ্টা পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ আহত গোলামকে হাসপাতালে নেওয়ার কোনো উদ্যোগ নেয়নি। ইপিজেডের নিজস্ব অ্যাম্বুলেন্স ও চিকিৎসার সুবিধা থাকা সত্ত্বেও তাকে একটি সাধারণ প্রাইভেট কারে করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে খুলনায় অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শ্রমিকরা আরও অভিযোগ করেন, এর আগেও এই কারখানায় একাধিক দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ সর্বদা উদাসীন ভূমিকা পালন করেছে। এই ঘটনার প্রতিবাদ করলে চাকরিচ্যুত করার হুমকিও দেওয়া হয়েছে বলে তারা দাবি করেন। তবে ঘটনার পর থেকে কারখানা প্রাঙ্গণে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এদিকে দুর্ঘটনার বিষয়ে মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক কালাম মো. আবুল বাশার জানান, মঙ্গলবার রাতে কারখানার একটি মেশিনে হঠাৎ আগুন ধরে যায়। আগুন নেভানোর পর মেশিন বন্ধ থাকা অবস্থায় এর বেল্টটি ঘুরছিল। সেই ঘূর্ণায়মান বেল্ট থেকে কাপড় বের করতে গেলে অসাবধানতাবশত গোলামের হাতটি মেশিনে আটকে বিচ্ছিন্ন হয়ে যায়।
নির্বাহী পরিচালক আরও বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য ইতিমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আহত শ্রমিক নিয়ম অনুযায়ী শতভাগ ক্ষতিপূরণ পাবেন।
১৪১ বার পড়া হয়েছে