চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় সিরাপ জব্দ
সোমবার, ১৫ জুন, ২০২৬ ২:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় পৃথক দুইটি অভিযানে ১৬২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে ৫৩ বিজিবি। রোববার (১৪ জুন) এসব অভিযানে ফেয়ারডিল ও এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৫ হাজার টাকা।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী অভিযানে আবারও বড় ধরনের সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৫৩ বিজিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে শিবগঞ্জ উপজেলার রানীহাটি ইউনিয়নের কোটালীপাড়া এলাকায় দুই দফা অভিযান চালানো হয়।
প্রথম অভিযানে সকালে ৪৪ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়। এরপর একই এলাকায় বিকেল পৌনে ৪টার দিকে পরিচালিত আরেকটি বিশেষ অভিযানে ১১৮ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করে বিজিবি। মোট জব্দকৃত সিরাপের সংখ্যা দাঁড়ায় ১৬২ বোতল।
বিজিবি সূত্রে জানা যায়, চলতি জুন মাসে বিভিন্ন অভিযানে মোট ৬২১ বোতল এস্কাফ সিরাপ, ৪৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এসব মাদকের মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭৮ হাজার টাকা।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সরকারের ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
১১৫ বার পড়া হয়েছে