রৌমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, শূন্য রেখায় আটকা ৯
সোমবার, ১৫ জুন, ২০২৬ ১:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতের বিএসএফ কর্তৃক ৯ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। বিজিবি-এর বাধা ও পতাকা বৈঠকেও সমাধান না আসায় তারা এখনও শূন্য রেখার কাছে অনিশ্চয়তার মধ্যে অবস্থান করছেন।
রোববার (১৪ জুন) ভোরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্তে আন্তর্জাতিক ১০৬০ নম্বর মেইন পিলারের কাছাকাছি এলাকা দিয়ে প্রথম দফায় ৬ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এর মধ্যে ছিলেন ১ জন নারী, ৩ জন পুরুষ ও ২ জন শিশু।
একই সময়ে উপজেলার ভন্দুরচর সীমান্তের ১০৬৫ নম্বর পিলার এলাকাতেও আরও ৩ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে দুই দফার চেষ্টাই ব্যর্থ হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ-এর ঝালোড়চর ক্যাম্পের প্রতিনিধি এবং বিজিবি-এর ৩৫ বিজিবির দাঁতভাঙ্গা ক্যাম্পের কর্মকর্তারা অংশ নেন। তবে দীর্ঘ আলোচনার পরও কোনো সমাধানে পৌঁছানো যায়নি।
ফলে বর্তমানে ওই ৯ জন ভারতীয় কাঁটাতারের বেড়ার পাশে শূন্য রেখায় অবস্থান করছেন। তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানা গেছে। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি নজরদারি জোরদার করেছে।
১১৮ বার পড়া হয়েছে