বান্দরবানে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
রবিবার, ১৪ জুন, ২০২৬ ১০:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
পরিবেশ সংরক্ষণ, বনায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) বন অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বান্দরবান জেলার জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে সকলকে আরও সচেতন ও সক্রিয় হতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার। তিনি বলেন, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারি এই উদ্যোগ সফল করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
বক্তারা আরও বলেন, সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি দেশের বনাঞ্চল সম্প্রসারণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানে বন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও পরিবেশ রক্ষা ও সবুজায়ন বাড়াতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
১২৪ বার পড়া হয়েছে