কিশোরগঞ্জে অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী মোটরসাইকেল আরোহীর মৃত্যু
রবিবার, ১৪ জুন, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসী এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সিএনজিচালিত অটোরিকশার চাপায় গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
রোববার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর–মঠখোলা সড়কের মির্জাপুর শশ্মানঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রুবেল মিয়া (২৬)। তিনি উপজেলার চরফরাদী ইউনিয়নের কাহেৎধান্দুল গ্রামের খুরশিদ মিয়ার ছেলে। রুবেল মিয়া সৌদি আরবে প্রবাস জীবনযাপন করতেন এবং প্রায় দেড় মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুরে রুবেল মিয়া তার এক প্রবাসী বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাহাদিয়া এলাকা থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে মির্জাপুর শশ্মানঘাট এলাকায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।
দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
১৪১ বার পড়া হয়েছে