খুলনায় ১৮০ দিনে ৬০ হাজার গাছ রোপণের কর্মসূচি শুরু
রবিবার, ১৪ জুন, ২০২৬ ৯:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় খুলনা মহানগরীতে ১৮০ দিনের মধ্যে ৬০ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি শুরু হয়েছে। শনিবার নগরীর শহীদ হাদিস পার্কে এ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমাতে খুলনা মহানগরীতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। এ কর্মসূচির আওতায় আগামী ১৮০ দিনের মধ্যে নগরজুড়ে ৬০ হাজার গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে নগরীর শহীদ হাদিস পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। দেশের সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও জানান, জাতীয় পর্যায়ে ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরীতেও এ উদ্যোগ নেওয়া হয়েছে। নগরের বিভিন্ন সড়ক, উন্মুক্ত স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং জনসমাগমস্থলে পর্যায়ক্রমে গাছের চারা রোপণ করা হবে।
অনুষ্ঠান শেষে শহীদ হাদিস পার্কে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে উপস্থিত অতিথি, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, পরিবেশকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
১১৮ বার পড়া হয়েছে