নারায়ণগঞ্জসহ ১০ জেলায় আইসিইউ উদ্বোধন, স্বাস্থ্যখাতে বড় পরিবর্তনের ঘোষণা মন্ত্রীর
রবিবার, ১৪ জুন, ২০২৬ ১১:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল থেকে ১০টি জেলার জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন করা হয়েছে। এ সময় ভার্চুয়ালি যুক্ত হয় আরও ৯টি জেলা সদর হাসপাতাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (১৪ জুন) সকাল ১০টায় নারায়ণগঞ্জের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল প্রাঙ্গণে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলার জেলা সদর হাসপাতালগুলোতে নতুন আইসিইউ সুবিধা যুক্ত করা হয়, যা জরুরি ও সংকটাপন্ন রোগীদের চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে সরকার। এই পরিকল্পনার আওতায় সারা দেশে ২০টি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। এর মধ্যে নারীদের জন্য দুটি ১ হাজার ৫০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল থাকবে। পাশাপাশি ১৮টি ১ হাজার শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও জানান, এসব হাসপাতালে কিডনি ডায়ালাইসিস, স্তন ও জরায়ু ক্যান্সার চিকিৎসা, পঙ্গুত্ব পুনর্বাসন, মাতৃসেবা ও সাধারণ চিকিৎসার আধুনিক সুবিধা থাকবে। প্রতিটি হাসপাতালে পাঁচটি করে উন্নত অ্যাম্বুলেন্স এবং জরুরি রোগী পরিবহনের জন্য চারটি হেলিকপ্টার সংযুক্ত করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
এছাড়া, ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানান মন্ত্রী। এর মধ্যে ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী থাকবেন, যারা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা, স্ক্রিনিং এবং প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কমিটির চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢাকা বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এবং সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান।
১১৭ বার পড়া হয়েছে