মুন্সীগঞ্জে তরুণদের দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে “টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয়” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়নে তরুণদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মুন্সীগঞ্জ-এর ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের উদ্যোগে ১১ মে ২০২৬ তারিখে মুন্সীগঞ্জের একটি স্থানীয় রেস্তোরাঁয় এ কর্মশালার আয়োজন করা হয়। এতে জেলার ২৫টি স্বেচ্ছাসেবী তরুণ সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় অংশগ্রহণকারী তরুণ সংগঠকরা নিজ নিজ সংগঠনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন। পাশাপাশি তারা দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করার শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে সনাক, মুন্সীগঞ্জ-এর ইয়েস বিষয়ক উপকমিটির আহ্বায়ক ইলিয়াস খান সার্বিক পর্যালোচনা ও নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। দুর্নীতিবিরোধী শপথ পাঠ পরিচালনা ও সমাপনী বক্তব্য দেন সনাক, মুন্সীগঞ্জের সভাপতি মো. জাহাঙ্গীর হাসান।
কর্মশালাটি পরিচালনা করেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর মো. আতিকুর রহমান। তিনি তার মূল আলোচনায় দুর্নীতি প্রতিরোধ, সুশাসনের উপাদান, সুশাসনের ঘাটতির প্রভাব, টেকসই উন্নয়ন, কার্যকর প্রতিষ্ঠান গঠন এবং তথ্য অধিকার আইনের ব্যবহারিক প্রয়োগ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক, মুন্সীগঞ্জের সহ-সভাপতি অ্যাডভোকেট পাপিয়া আক্তার। কর্মশালার উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রা উপস্থাপন করেন ঢাকা ক্লাস্টারের ক্লাস্টার কো-অর্ডিনেটর মো. মাহান-উল-হক।
কর্মশালায় বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম, রামপাল কলেজ রোভার, রেড ক্রিসেন্ট (সরকারি হরগঙ্গা কলেজ ইউনিট), এনসিটিএফ, বিডি ক্লিন মুন্সীগঞ্জ, বন্ধুসভা (প্রথম আলো) সহ মোট ৩৭ জন তরুণ সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
অংশগ্রহণকারীরা ভবিষ্যতে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
১১৯ বার পড়া হয়েছে