বকশীগঞ্জ সীমান্তে ৬৮ বছর বয়সী বৃদ্ধর পরিচয় দিল বিজিবি
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ১০:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্ত এলাকায় বাংলাদেশ–ভারত আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখা থেকে দীর্ঘ সময় আটকে থাকা এক বৃদ্ধকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উদ্ধার হওয়া ওই বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মন (৬৮)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের বাবু চন্দ্র বর্মনের ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১০ জুন) সকালে রামরামপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই বৃদ্ধকে বাংলাদেশে “পুশ ইন” করার চেষ্টা করে। এ সময় স্থানীয় বাসিন্দা, বিজিবি এবং বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। ফলে তিনি সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে শূন্যরেখায় প্রায় ২৪ ঘণ্টা আটকে থাকেন।
পরবর্তীতে বৃহস্পতিবার (১১ জুন) সকালে বিজিবি তাকে উদ্ধার করে বকশীগঞ্জ থানায় নিয়ে আসে। ধানুয়া কামালপুর বিজিবি জানিয়েছে, পরিবারের সদস্যরা উপস্থিত হলে যাচাই-বাছাই শেষে তাকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হবে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন জানান, বৃদ্ধের জাতীয় পরিচয়পত্র যাচাই করা হয়েছে এবং তার স্বজনরা ইতোমধ্যে রাজশাহী থেকে বকশীগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। তারা পৌঁছালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বর্তমানে ওই বৃদ্ধ বকশীগঞ্জ থানায় রয়েছেন এবং তার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১৩৪ বার পড়া হয়েছে