হাকিমপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ২:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় হাকিমপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন, এন্টাপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়। এতে স্থানীয় কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আফজাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান, কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা, কৃষক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা।
বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কৃষকদের দক্ষতা উন্নয়ন এবং কৃষি উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, কৃষি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর চাষাবাদ ও প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন।
স্থানীয় কৃষকরা এ ধরনের উদ্যোগকে কৃষি উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকর বলে মনে করেন এবং ভবিষ্যতে আরও নিয়মিত আয়োজনের আশা প্রকাশ করেন।
১২০ বার পড়া হয়েছে