বাগেরহাটে কৃষকদল নেতার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
বুধবার, ১০ জুন, ২০২৬ ৬:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি বাদল মোড়লের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) দুপুরে বারুইপাড়া ইউনিয়নের আড়পাড়া বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, নিহত বাদল মোড়ল জাতীয়তাবাদী দলের একজন সক্রিয় ও নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা কৃষকদলের সভাপতি আসাফুদৌলা জুয়েল এবং বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মোজাফফর রহমান আলম বলেন, নির্বাচনের আগে ও পরে এলাকায় অস্থিরতা বিরাজ করছিল। সেই প্রেক্ষাপটে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তারা ধারণা করছেন। তিনি দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জুন) রাতে বারুইপাড়া এলাকা থেকে মোটরসাইকেলে ফকিরহাট যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় বাদল মোড়ল নিহত হন। এ ঘটনায় বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত বাদল মোড়ল আড়পাড়া এলাকার মৃত জাফর মোড়লের ছেলে। তার মরদেহ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার একদিন পার হলেও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানা গেছে। তবে পুলিশ জানিয়েছে, তদন্ত কার্যক্রম চলছে এবং দ্রুতই আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানায় পুলিশ।
১১১ বার পড়া হয়েছে