ময়মনসিংহে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলা উদ্বোধন
বুধবার, ১০ জুন, ২০২৬ ১:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশব্যাপী বিজ্ঞান সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মের মধ্যে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী চিন্তাধারা বিকাশের লক্ষ্যে ময়মনসিংহে তিন দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলা ২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় জেলা পরিষদ প্রাঙ্গণের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি আধুনিক জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর সুফল মানুষের জীবনকে আরও সহজ, নিরাপদ ও গতিশীল করে তুলেছে। তিনি বলেন, একটি দেশকে সমৃদ্ধ ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে বিজ্ঞানচর্চা ও প্রযুক্তির উন্নয়ন অপরিহার্য।
তিনি আরও বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার মতো আয়োজনকে শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি বিকাশের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে হবে। তরুণ শিক্ষার্থীদের গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করার পাশাপাশি পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে জ্ঞানচর্চার ক্ষেত্র সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতির বক্তব্যে জন কেনেডি জাম্বিল বলেন, বিজ্ঞানমেলার মতো আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করে। তিনি বলেন, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা যে প্রকল্পগুলো উপস্থাপন করেছে, সেগুলোর মধ্য থেকে ভবিষ্যতে দেশ ও বিশ্বের কল্যাণে গুরুত্বপূর্ণ উদ্ভাবন বেরিয়ে আসতে পারে।
তিনি গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি উন্নয়নে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
১৪৫ বার পড়া হয়েছে