চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রী গ্রেফতার, গাঁজা উদ্ধার
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ১:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
এ সময় তাদের কাছ থেকে মোট ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
সোমবার (৮ জুন) সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ পরিচালিত অভিযানে রহনপুর পৌর এলাকার নুনগোলা কেডিসি পাড়া থেকে মোসা. সাজেদা বেগম (৪৭) ও তার স্বামী মো. আব্দুস সাত্তার (৭০)-কে আটক করা হয়।
অভিযান চলাকালে সাজেদা বেগমের কাছ থেকে ৭০ গ্রাম এবং আব্দুস সাত্তারের কাছ থেকে ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া এই দম্পতির বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে। এর মধ্যে আব্দুস সাত্তারের বিরুদ্ধে ৯টি এবং সাজেদা বেগমের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে রাষ্ট্রপক্ষের পক্ষে মামলা উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম। আদালতের রায়ে আব্দুস সাত্তারকে এক বছর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি সাজেদা বেগমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
১৪২ বার পড়া হয়েছে