ভালুকায় ঝটিকা মিছিলের অভিযোগে ৯ জন গ্রেফতার, আদালতে প্রেরণ
সোমবার, ৮ জুন, ২০২৬ ২:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
শনিবার (৬ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার (৭ জুন) দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন বলে অভিযোগ ওঠে। পরে মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
ঘটনার পরিপ্রেক্ষিতে ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফজল ইসলাম বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে অভিযুক্ত ৯ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ফরহাদ হোসেন (২৮), নাজিম উদ্দিন (২৫), সাইফুল (৪৫), মেহেদী হাসান আলাল (৩২), ইকবাল তালুকদার (৩০), রণি ঘোষ (৩৪), ইমন শেখ (২৮), ফারুক হাসান মণ্ডল (৩৮) এবং মনির হোসেন (৩৪)।
এদিকে, ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, দ্রুত বিচার আইনে দায়ের করা মামলার ভিত্তিতে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।
১৭৪ বার পড়া হয়েছে