টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে দ্বিতীয় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুর
শনিবার, ৬ জুন, ২০২৬ ৪:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারির পরও আবারও সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকলেও এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর পুনরায় সহিংসতার আশঙ্কায় গোপালপুর ও আশপাশের এলাকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
তবে শুক্রবার সকালে ১৪৪ ধারা উপেক্ষা করে অন্তত তিনটি বাড়িতে অগ্নিসংযোগ এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে গোপালপুর উপজেলার গোল পেঁচা এলাকা এবং পাশের ভূঞাপুর উপজেলা এলাকার জগৎকুড়া গ্রামের মধ্যে দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। পরবর্তীতে বিষয়টি আধিপত্য বিস্তারের সংঘর্ষে রূপ নেয় এবং দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হন এবং গুরুতর আহতদের হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করা হয় বলে জানা গেছে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে থমথমে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
১৩৭ বার পড়া হয়েছে