গোপালগঞ্জের মুকসুদপুরে বাস সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ২৫
শুক্রবার, ৫ জুন, ২০২৬ ৩:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (৫ জুন) ভোর রাত ৩টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের রাঘদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন পটুয়াখালীর কলাপাড়া থানার আমিরাবাদ গ্রামের অমলেন্দু হাওলাদারের ছেলে অমিতাভ হাওলাদার (৪২) এবং শেরপুর জেলার আব্দুল সামাদের ছেলে কালাম।
পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঢাকাগামী বিআরটিসি পরিবহনের একটি বাস রাঘদী এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাঘদী ব্রিজে ধাক্কা দেয়। এ সময় একই দিক থেকে আসা হিমালয় পরিবহনের আরেকটি বাস পেছন থেকে ধাক্কা দিলে দুই বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ২৭ জন আহত হন।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা ঢাকা–বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে, ফলে যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিলে স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
১৭৪ বার পড়া হয়েছে