রাজশাহীর গোদাগাড়ীতে ১ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার
শুক্রবার, ৫ জুন, ২০২৬ ১:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (৩ জুন ২০২৬) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে গোদাগাড়ী থানার ডাইংপাড়া মোড় এলাকায় নির্মাণাধীন বিসমিল্লাহ টাওয়ারের দক্ষিণ পাশে একটি ফাঁকা স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. আমিনুল ইসলাম স্বপন (৪৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজার (খোহার মোড়) এলাকার মৃত ইলিয়াস আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মো. নাছিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মহিষালবাড়ী বাজার মোড় ও আশপাশ এলাকায় মাদকবিরোধী অভিযানে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ডাইংপাড়া মোড় এলাকায় এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
সংবাদের ভিত্তিতে বিকেল ৪টা ২০ মিনিটে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের বাম পকেটে থাকা একটি সাদা পলিথিনের ভেতর থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আমিনুল ইসলাম স্বপনের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এবং ঢাকার আদাবর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
১৬৯ বার পড়া হয়েছে