কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বুধবার, ৩ জুন, ২০২৬ ৫:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যা ও রাতে এসব দুর্ঘটনা ঘটে। এছাড়া আরেকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত প্রায় ৯টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি নওগাঁ বাসস্ট্যান্ড এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের এমাদ মিয়ার ছেলে আশিক (২০) এবং কুলিয়ারচর উপজেলার কান্দিগ্রাম এলাকার সিদ্দিক মিয়ার ছেলে রাসেল মিয়া (১৮)। আহত ইয়াসিন মিয়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এর আগে একই দিন সন্ধ্যায় উপজেলার ডুমরাকান্দা-দাড়িয়াকান্দি সড়কের একটি নির্মাণাধীন কালভার্ট এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। সেখানে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন কালভার্টের গর্তে পড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী আব্দুস সাত্তার (৫৫) ঘটনাস্থলেই নিহত হন।
নিহত আব্দুস সাত্তার উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ভাটিপাড়া গ্রামের বাসিন্দা এবং তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণাধীন কালভার্ট এলাকায় পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা ও নিরাপত্তা চিহ্ন না থাকায় দুর্ঘটনার ঝুঁকি দীর্ঘদিন ধরে ছিল।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নির্মাণাধীন প্রকল্প এলাকায় যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং যানবাহন চালকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
২৩৫ বার পড়া হয়েছে