গোপালগঞ্জে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৪
মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রীতম বিশ্বাস (৪) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নিয়াজ মোহাম্মদ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মৃত প্রীতম বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার তেতুলিয়া গ্রামের প্রসেনজিত বিশ্বাসের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৮ মে হামের উপসর্গ নিয়ে প্রীতমকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। পরে সোমবার (১ জুন) রাত ১১টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।
ডা. নিয়াজ মোহাম্মদ জানান, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫৬ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত জেলায় হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ৯৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
উল্লেখ্য, জেলায় এখন পর্যন্ত হামের উপসর্গে দুই শিশুসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
১৪৯ বার পড়া হয়েছে