মধুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নারী নিহত
সোমবার, ১ জুন, ২০২৬ ৫:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের আড়কান্দি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমি পারভীন (৩২) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের চৌগাছা গ্রামের সাজ্জাদ হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, মাগুরা থেকে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মধুখালী থেকে মাগুরাগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের চার আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমি পারভীনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সোমবার সংশ্লিষ্ট থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে।
১৪৬ বার পড়া হয়েছে