ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী দল
রবিবার, ৩১ মে, ২০২৬ ৮:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
সাফ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল।
সেমিফাইনাল আগেই নিশ্চিত করলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচটি ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।
রোববার (৩১ মে) ভারতের গোয়ার পন্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৮টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে পরাজিত করে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ। ফলে ভারতের বিপক্ষে ম্যাচটি সেমিফাইনালের আগে নিজেদের শক্তি যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে দলটি।
ম্যাচকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সকালে গোয়ার ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে প্রায় দেড় ঘণ্টার অনুশীলনে অংশ নেন সাবিনা খাতুন, রূপনা চাকমাসহ দলের ফুটবলাররা। অনুশীলনে ওয়ার্ম-আপ, পাসিং ড্রিল, বলের দখল ধরে রাখা এবং ম্যাচভিত্তিক কৌশল নিয়ে কাজ করা হয়।
বাংলাদেশ দলের প্রধান কোচ পিটার বাটলার বিশেষভাবে ট্যাকটিক্যাল পজিশনিং ও সেট-পিস পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন। দলের সব খেলোয়াড় সুস্থ ও ফিট থাকায় পূর্ণ শক্তির স্কোয়াড নিয়েই মাঠে নামার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ পিটার বাটলার বলেন, বর্তমান বাংলাদেশ দল আগের তুলনায় অনেক বেশি পরিণত ও আত্মবিশ্বাসী। তার মতে, দলে এমন কয়েকজন খেলোয়াড় রয়েছেন যারা যেকোনো সময় ম্যাচের ফলাফল বদলে দিতে সক্ষম। তিনি আরও বলেন, দল আক্রমণ ও রক্ষণ—উভয় ক্ষেত্রেই ভারসাম্যপূর্ণ ফুটবল খেলতে প্রস্তুত।
ভারতের বিপক্ষে ইতিবাচক ফল অর্জন করে গ্রুপ পর্ব শেষ করার পাশাপাশি শিরোপা ধরে রাখার অভিযানে আত্মবিশ্বাস বাড়াতে চায় বাংলাদেশ নারী ফুটবল দল।
১৯৬ বার পড়া হয়েছে