বগুড়ায় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির দিনব্যাপী নানা আয়োজন
শনিবার, ৩০ মে, ২০২৬ ৬:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
শনিবার সকালে শহরের নবাববাড়ী এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। এতে নেতৃত্ব দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
পতাকা উত্তোলনের পর শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ও মহানগর বিএনপির পাশাপাশি বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপি সূত্রে জানা যায়, শাহাদাতবার্ষিকী উপলক্ষে পুরো দিনজুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ এবং স্মৃতিচারণমূলক অনুষ্ঠান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর রাজনৈতিক আদর্শ ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, তাঁর দেখানো পথ অনুসরণ করে দেশের গণতন্ত্র ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দিনব্যাপী আয়োজনে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচির বিভিন্ন পর্বে জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, অবদান এবং দেশের উন্নয়নে তাঁর ভূমিকা তুলে ধরা হয়।
১৭১ বার পড়া হয়েছে